![]() |
নিউজ ডেস্ক : সাড়ে তিন বছর আগে লুসাইলের সেই অভূতপূর্ব মায়াবী রাত। লিওনেল মেসির হাতে বিশ্বকাপে ট্রফি দেখে অনেকেরই মনে হয়েছিল, ফুটবল বুঝি পূর্ণতা পেল! সাত ম্যাচে সাত গোল, ফাইনালে দুটো। সঙ্গে তিনটি অ্যাসিস্ট। তাঁর হাতে টুর্নামেন্টসেরার ‘গোল্ডেন বল’ ওঠাটা ছিল প্রকৃতির স্বাভাবিক নিয়ম। মেসি শুধু আর্জেন্টিনার অধিনায়কই ছিলেন না, ছিলেন তার চেয়েও বেশি কিছু। দলের হৃৎস্পন্দন।
কিন্তু ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে শুধু ‘মেসির দল’ বললে অন্যায় হবে। হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিংবা এনজো ফার্নান্দেজরা বিশ্বমঞ্চে নিজেদের চিনিয়েছিলেন রাজকীয় ঢঙে। ফার্নান্দেজ পেয়েছিলেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। নিকোলাস ওতামেন্দি রক্ষণে নেতৃত্ব দিয়েছিলেন অদম্য মনোবল নিয়ে। আনহেল দি মারিয়া ছিলেন দুর্দান্ত। এমিলিয়ানো মার্তিনেজ পেনাল্টি শুটআউটে হয়ে উঠেছিলেন প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম।
সৌদি আরবের কাছে বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের সেই ধাক্কার পর আর্জেন্টিনা যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, সেই মনোবল, সেই একতা—অন্য কোনো দেশ ছুঁতে পারেনি।
কিন্তু ২০২৬ বিশ্বকাপের সামনে এসে আর্জেন্টিনা কোথায় দাঁড়িয়ে?
ছবিটা এখন অনেকটাই ফিকে। লিওনেল স্কালোনির দল মাঠে নামছে, কিন্তু চ্যাম্পিয়নদের সেই দাপটে কোথায় যেন ভাটা পড়েছে। প্রস্তুতি? সেটাকে ‘এলোমেলো’ বললে হয়তো ভদ্রতা করা হয় এবং সব ভার আবারও একজনের কাঁধেই—লিওনেল মেসি। ৩৭ বছর বয়সে এই ভার বহন করা সহজ কথা নয়।
বাছাইপর্ব কি সত্যি বলছে
কাগজে-কলমে আর্জেন্টিনার বাছাইপর্ব চমৎকার। কনমেবল টেবিলে শীর্ষে, দ্বিতীয় ইকুয়েডরের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে থেকে তারা বিশ্বকাপ নিশ্চিত করেছে। সবচেয়ে বেশি গোল করেছে, মেসি ৮ গোল করে প্রথমবারের মতো বাছাইপর্বের শীর্ষ গোলদাতা।
![]() |
প্রীতি ম্যাচগুলোর কি কোনো মানে আছে
বিশ্বকাপের প্রস্তুতিতে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলেছিল গত বছর অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে, ১-০ গোলে জয়। এরপর পুয়ের্তো রিকোকে ৬-০ এবং অ্যাঙ্গোলাকে ২-০-তে উড়িয়ে দিয়েছে। এই মার্চের বিরতিতে প্রতিপক্ষ? ফিফা র্যাঙ্কিংয়ে ১১৫তম মৌরিতানিয়া আর ৯১তম জাম্বিয়া।
![]() |
![]() |
ফিনালিসিমা না হওয়ায় ক্ষতি
মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচের পর মার্তিনেজ আরও বলেছেন, ‘ভাগ্যিস, বেঁচে গিয়েছি (ফিনালিসিমা বাতিল হওয়ায়)। যেভাবে খেলেছি আজ, তাতে ওই ম্যাচে নির্ঘাত হারতাম।’
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফিনালিসিমা বাতিল হয়ে গেছে। অন্য শক্তিশালী দলগুলো তত দিনে অন্য ম্যাচ নিশ্চিত করে ফেলেছিল। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটা খেলার সুযোগ ছিল, কিন্তু স্পেনের দর্শকদের সামনে খেলার ঝুঁকি নিতে চায়নি আর্জেন্টিনা।
![]() |
এবারও সেই মেসিতেই ভরসা
মেসি আদৌ বিশ্বকাপে খেলবেন কি না, সেটা নিজেই ধোঁয়াশার মধ্যে রেখেছেন। অক্টোবরে বলেছিলেন, ‘ইন্টার মায়ামির সঙ্গে প্রি-সিজন শুরু হলে দেখব কেমন অনুভব করছি, শতভাগ প্রস্তুত আছি কি না দেখে তারপর সিদ্ধান্ত নেব। ম্যাচ ধরে, দিন ধরে এগোতে চাই।’ মৌরিতানিয়া ম্যাচের আগেও স্কালোনি জানিয়েছেন, মেসি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে কোচ স্পষ্ট, ‘আমি সব করব যাতে সে থাকে। ফুটবলের স্বার্থেই তাকে থাকতে হবে। কিন্তু সিদ্ধান্তটা তার। সে স্থির করবে। তাড়াহুড়োর কিছু নেই।’
![]() |
মেসি না খেললে কী হবে
চোটের কারণে মেসি কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বের দুটি ম্যাচে ছিলেন না—দুটোই হেরেছে আর্জেন্টিনা। আনহেল দি মারিয়া কোপা আমেরিকার পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে গেছেন। বাঁয়ে তাঁর শূন্যস্থান পূরণে আতলেতিকো মাদ্রিদের নিকো গঞ্জালেস চেষ্টা করছেন, কিন্তু দি মারিয়ার শেষ মুহূর্তের জাদু তাঁর নেই।
মাঝমাঠেও সমস্যা। রদ্রিগো দি পল এখন ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ, কিন্তু ৩১ বছরে এসে আগের সেই গতি নেই। ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টার দুজনেই এই মৌসুমে যার যার ক্লাবের হয়ে খুবই অধারাবাহিক।
![]() |
রক্ষণে বার্ধক্য
কাতার বিশ্বকাপের সেই দুর্ভেদ্য রক্ষণ দেয়াল এবার অনেকটাই ভঙ্গুর, জীর্ণ। ৩৮ বছর বয়সী ওতামেন্দির অবিবেচকের মতো চ্যালেঞ্জ করা ও পজিশন ছাড়ার প্রবণতা বাড়ছে। ক্রিস্টিয়ান রোমেরো টটেনহামের এই বিপর্যয়কর মৌসুমে ক্রমাগত বিপদ ডেকে এনেছেন, তাঁর ক্লাব এখন রেলিগেশনের শঙ্কায়।
![]() |
লিসান্দ্রো মার্তিনেজ ও গনসালো মন্তিয়েল ইনজুরিতে কাটাচ্ছেন মৌসুম। ডান দিকে নাহুয়েল মলিনা ভরসার জায়গা। কিন্তু বাঁয়ে তালিয়াফিগো ও মার্কোস আকুনিয়া—দুজনেই সেরা সময়ের অনেক পেছনে। এমনকি গোলরক্ষক মার্তিনেজও অ্যাস্টন ভিলায় সহজ ভুল করছেন বেশি বেশি।
তারপরও...
তবু দলটার নাম আর্জেন্টিনা। উত্তর আমেরিকার গরমে তারা মানিয়ে নেবে ভালোই। কিন্তু সেই ভয় ধরানো উপস্থিতি থাকবে না হয়তো। স্পেন ও ফ্রান্স নিশ্চিতভাবেই আর্জেন্টিনার চেয়ে অনেক এগিয়ে। প্রতিটি পজিশনে তাদের গভীরতা আর্জেন্টিনার চেয়ে ঢের বেশি। আর্জেন্টিনার দরকার ছিল ছন্দ ফিরিয়ে আনার সময়। সেটা নেই এখন। এখন এই নড়বড়ে তরি নিয়ে আটলান্টিক পাড়ি দেওয়া মানে অলৌকিক কিছুর আশায় থাকা।
মেসির পায়ে কি এখনো সেই অলৌকিকতা অবশিষ্ট আছে?






.webp?w=622&auto=format%2Ccompress&fmt=avif)

Post a Comment